
এমা ওয়াটসন
এমা শার্লট ডিউয়ার ওয়াটসন একজন ব্রিটিশ অভিনেত্রী ও মডেল, যিনি এমা ওয়াটসন নামেই বেশি পরিচিত। হ্যারি পটার চলচ্চিত্র ধারাবাহিকে হারমায়োনি গ্রেঞ্জার চরিত্রে অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করেছেন। ওয়াটসন নয় বছর বয়সে এই চরিত্রে প্রথম অভিনয় করেন। এর আগে তিনি বিদ্যালয়ের মঞ্চ নাটকে অভিনয় করেছিলেন। ২০০১ থেকে ২০০৯ পর্যন্ত ওয়াটসন হ্যারি পটারকে ঘিরে নির্মিত প্রথম ছয়টি চলচ্চিত্রে ধারাবাহিকভাবে অভিনয় করেন। এসব চলচ্চিত্রে তার সহকর্মী ছিলেন ড্যানিয়েল র্যাডক্লিফ এবং রুপার্ট গ্রিন্ট । এছাড়াও তিনি হ্যারি পটার ধারাবাহিকের শেষ দুটি চলচ্চিত্র হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোসেও অভিনয় করেছেন। হ্যারি পটার চলচ্চিত্রে অভিনয় করে একাধিক আন্তর্জাতিক পুরস্কার অর্জনের পাশাপাশি এসব চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ১০ মিলিয়ন পাউন্ডেরও বেশি আয় করেন। ২০০৯ সালে তিনি প্রথমবারের মত মডেলিং করেন। এই অভিনেত্রী বর্তমানে ইউএন ওমেনের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন, এর পাশাপাশি তিনি লিঙ্গ বৈষম্যের ব্যাপারে সোচ্চার ভূমিকা পালন করছেন।