সব একসাথে: WageIndicator.org -কে (পুনরায়) চালু করা/ পরিচয় করিয়ে দেওয়া।
সমগ্র বিশ্বে এবং দেশীয় শ্রমবাজারেও ব্যাপক পরিবর্তন হচ্ছে। সবুজ রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), এবং জনসংখ্যার পরিবর্তনের কারণে কর্মক্ষেত্রের পরিবেশ বদলে যাচ্ছে। ফলে, প্ল্যাটফর্মভিত্তিক কাজ ক্রমশ বাড়ছে, আর যৌথ দরকষাকষিও সময়ের সাথে পরিবর্তিত হচ্ছে। একই সময়ে জীবনযাত্রার ব্যয় বেড়ে চলেছে, কিন্তু (ন্যূনতম) মজুরি সবসময় সেই অনুযায়ী সমন্বয় করা হচ্ছে না। শ্রমবাজারের স্বচ্ছ ও পরিস্কার তথ্য কোনো বিলাসিতা নয়, এটি একটি প্রয়োজনীয়তা। আর ঠিক এই কারণেই WageIndicator অস্তিত্বশীল। পরিবর্তনশীল এই বিশ্বে সঠিকভাবে এগিয়ে যেতে আমরা সবকিছুকে একত্র করছি। ২৪২টি ওয়েবসাইটকে একত্র করার মাধ্যমে আনন্দের সাথে আমরা আবারও উপস্থাপন করছি WageIndicator.org ওয়েবসাইটটি। একটি ওয়েবসাইট- সবার জন্য, সর্বত্র।
WageIndicator.org: সবার জন্য কার্যকর তথ্য।
প্রায় তিন দশক ধরে WageIndicator বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত ছিল - Gajimu, Loonwijzer, Mojazarplata, Tusalario, MyWage, VotreSalaire, Rawateb, MeuSalario এবং আরও অনেক। যদিওবা নাম আলাদা, ওয়েবসাইট আলাদা, কিন্তু লক্ষ্য ছিল একটিই। এখন এই সব প্ল্যাটফর্ম এক জায়গায় একত্রিত হয়েছে। আমরা এখনো ২০০-এর বেশি দেশ ও অঞ্চলের শ্রমবাজার সম্পর্কিত তথ্য প্রদান করছি, যা স্থানীয় ভাষায় পাওয়া যায় এবং নিয়মিত হালনাগাদ/আপডেট করা হয়। তবে এখন থেকে সবকিছুই সহজে ব্যবহারযোগ্য, বিশ্বব্যাপী সবার জন্য উন্মুক্ত একটি ওয়েবসাইটে একত্রিত করা হয়েছে।
বিশ্বের বিভিন্ন প্রান্তের অসংখ্য পরিবার, ব্যক্তি, ট্রেড ইউনিয়ন, নিয়োগকর্তা, বেসরকারি সংস্থা, গণমাধ্যম, নীতিনির্ধারক এবং প্রতিষ্ঠান আমাদের তথ্য ও উপাত্তের ওপর নির্ভর করে। শ্রমিক ও তাদের পরিবার তাদের অধিকার বুঝতে এবং ভালো মজুরি নিয়ে আলোচনা করতে এই তথ্য ব্যবহার করে। প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব কার্যক্রম ও সাপ্লাই চেইনে (সরবরাহ শৃঙ্খলে) বাঁচার মত মজুরি নির্ধারণে এটি ব্যবহার করে। ট্রেড ইউনিয়নগুলো এটি দরকষাকষির বৈঠকে কাজে লাগায়। নজরদারি ও আইন সংস্কারের জন্য সরকার এটি অনুসরণ করে। গবেষকরা এর ওপর ভিত্তি করে কাজ করেন, আর সাংবাদিকরা এখান থেকে তথ্য নিয়ে প্রতিবেদন তৈরি করেন। WageIndicator.org সবার জন্য কর্মজগৎকে করে তোলে স্বচ্ছ - একত্রিত, সহজলভ্য এবং আরও দ্রুত।
আমাদের লক্ষ্য আগের মতোই অপরিবর্তিত রয়েছে: আমরা সবার জন্য বাঁচার মত মজুরি, ন্যূনতম মজুরি, চাকরি ও মজুরি, শ্রম আইন এবং যৌথ চুক্তি সম্পর্কে স্পষ্ট ও নির্ভরযোগ্য তথ্য প্রাপ্তি নিশ্চিত করতে চাই। বিশ্বব্যাপী শ্রমিক/কর্মচারী, স্বনির্ভর ব্যক্তি, নিয়োগকর্তা, সামাজিক অংশীদার এবং নীতিনির্ধারকদের জন্য শ্রমবাজারকে আরও স্বচ্ছ করে তোলাই আমাদের উদ্দেশ্য। সব দেশ, শিল্প এবং মানুষের জন্য। আমরা একই প্রতিষ্ঠান, একই তথ্য নিয়ে - তবে নতুন রূপে।
মজুরি নির্দেশক থেকে ২৪২টি ওয়েবসাইট এবং সেখান থেকে আবার এক প্ল্যাটফর্মে: সময়ের সাথে WageIndicator-এর পথচলা।
সাংবাদিক পাওলিন অজি এবং অধ্যাপক কিয়া টিজেনস-এর উদ্যোগে ২০০০ সালে WageIndicator প্রতিষ্ঠিত হয়। তাদের একটি গুরুত্বপূর্ণ উপলব্ধি ছিল যে মজুরির তথ্য থাকলেও তা সবার জন্য উন্মুক্ত ছিল না। এটি মূলত শ্রমবাজারের শীর্ষে থাকা উচ্চশিক্ষিত পুরুষদের জন্যই তৈরি ছিল। নারী, তরুণ শ্রমিক, স্বনির্ভর ব্যক্তি এবং নিম্ন ও মধ্য দক্ষতার শ্রমিকরা এই তথ্য পাওয়া থেকে বঞ্চিত ছিলেন। এই প্রেক্ষাপটেই WageIndicator-এর প্রথম ওয়েবসাইট Loonwijzer-এর জন্ম।

সবকিছুই Loonwijzer.nl দিয়ে শুরু হয়েছিল।
২০০৪ সাল থেকে WageIndicator ইউরোপজুড়ে বিস্তৃত হতে শুরু করে। ২০০৬ সালে প্যারাগুয়ে এবং ভারতে ন্যূনতম মজুরি সংক্রান্ত তথ্য সংগ্রহ শুরু হয়, যা পরবর্তীতে বিশ্বের হালনাগাদকৃত সবচেয়ে বড় এবং সর্বাধিক ন্যূনতম মজুরি ডেটাবেজ-এ পরিণত হয়। বর্তমানে এটি ২১৬টি দেশ ও অঞ্চলকে অন্তর্ভুক্ত করেছে। ২০০৮ সালে “Decision for Life” প্রকল্পের মাধ্যমে WageIndicator-এর কাজ আরও এগিয়ে যায়, যার ফলাফল ছিল প্রথম শোভন কাজ যাচাই সংক্রান্ত একটি উপায়, যেটি শ্রমিক ও ট্রেড ইউনিয়নগুলোকে তাদের শ্রম অধিকার বুঝতে সহায়তা করে। এর ধারাবাহিকতায় শ্রম আইন ডেটাবেজও সম্প্রসারিত হয়।
২০১২ সালে WageIndicator আফ্রিকার ১২টি দেশে ট্রেড ইউনিয়ন ও নিয়োগকর্তাদের সঙ্গে কাজ করে যৌথ দরকষাকষি সংক্রান্ত চুক্তিগুলোকে ডিজিটাল ও ব্যাখ্যাযুক্ত আকারে রূপান্তর করে। এর ফলে একটি বৈশ্বিক যৌথ দরকষাকষি সংক্রান্ত চুক্তির ডেটাবেজ তৈরি হয়, যা বর্তমানে বিশ্বজুড়ে বিভিন্ন সেক্টরের হাজার হাজার চুক্তিকে অন্তর্ভুক্ত করেছে।
২০১৩ সালে আমরা ১০০টি দেশের জন্য বাঁচার মত মজুরি সংক্রান্ত হিসাব করা শুরু করি। আর এখন, ২০২৬ সালে, WageIndicator কোম্পানি, সরকার এবং বেসরকারি সংস্থাগুলোর জন্য প্রতি ত্রৈমাসিক ডেটাসেট সরবরাহ করছে, যেখানে ১৮৬টি দেশ ও অঞ্চলের ১ থেকে ২৫,০০০টি এলাকাভিত্তিক তিন ধরনের বাঁচার মত মজুরি এবং জিপিএস-নির্ভর ন্যূনতম মজুরি তথ্য অন্তর্ভুক্ত থাকে।
WageIndicator-এর বাঁচার মত মজুরি নির্ধারণ আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর নীতিমালা অনুসরণ করে এবং এটি IDH ও BCorp দ্বারা সুপারিশকৃত। এছাড়াও, এটি ইউরোপীয় টেকসয়তা সংক্রান্ত প্রতিবেদন নির্দেশিকা (ESRS)-এর আওতায় টেকসই উন্নয়ন সংক্রান্ত প্রতিবেদনের জন্য ব্যবহার করা যায়।
শ্রমবাজারের স্বচ্ছ তথ্য পাওয়ার জন্য আপনার নির্ভরযোগ্য প্রধান উৎস।
এই সমস্ত তথ্য স্থানীয় ভাষায় স্থানীয় ওয়েবসাইটগুলোর মাধ্যমে শেয়ার করা হতো, যাতে বিশ্বের যেকোনো প্রান্তের মানুষ তাদের প্রয়োজনীয় তথ্য সহজে পেতে পারে এবং আরও ভালোভাবে সিদ্ধান্ত নিতে সক্ষম হয়। এভাবেই WageIndicator ২৪২টি স্থানীয় ওয়েবসাইটের একটি বৈশ্বিক নেটওয়ার্কে পরিণত হয়েছিল, যা সারা বিশ্বে তথ্য সরবরাহ করত। ইন্টারনেটের সাথে একসাথে বেড়ে ওঠার ফলে, স্থানীয় সাইটে জনসাধারণের জন্য তথ্য ভাগাভাগি করাই ছিল সবচেয়ে কার্যকর পদ্ধতি। এখন আমরা WageIndicator.org-কে মানুষের তথ্য খোঁজা, ব্যবহার করা এবং অ্যাক্সেস করার সাথে মানিয়ে নিয়েছি। এর মধ্যে রয়েছে ন্যূনতম মজুরির হালনাগাদকৃত তথ্য, একটি বৈশ্বিক বাঁচার মত মজুরি ডেটাবেজ ও স্থানীয়ভাবে প্রযোজ্য হিসাব, বেতন যাচাই করা, মোট/মূল যাচাই করা, হালনাগাদকৃত ও তুলনাযোগ্য যৌথ চুক্তি এবং শ্রম আইন, বিশেষজ্ঞদের সাক্ষাৎকার, বিনামূল্যে অনুষ্ঠান ও অনলাইনে সেমিনার/ওয়েবিনার এবং আরও অনেক কিছু। বিশ্বের যেকোনো দেশের শ্রমবাজারের তথ্য স্থানীয় ভাষায় সরাসরি পাওয়ার সুযোগের পাশাপাশি, এখানে রয়েছে বৈশ্বিক ও স্থানীয় প্রেক্ষাপটে কর্মজগতের গল্প ও বিশ্লেষণ। নতুন WageIndicator.org ওয়েবসাইট-এ আপনাকে স্বাগতম। শ্রমবাজারের স্বচ্ছ তথ্যের জন্য আপনার নির্ভরযোগ্য ও স্থায়ী উৎস।

সবকিছু একসঙ্গে আনার প্রথম খসড়া
আমাদের পরবর্তী পদক্ষেপ কী?
- ২০২৬ সালের গ্রীষ্মকালীন সময়ে ১৬০টি দেশের জন্য গ্রস/নেট (মোট/মূল) যাচাইকরণ চালু করা হবে।
- ৭ই অক্টোবর, বিশ্ব শোভন কর্ম দিবস উপলক্ষে WageIndicator এর শ্রম অধিকার সূচক -এর ৪র্থ সংস্করণ প্রকাশিত হবে। এই শ্রম অধিকার নির্দেশকটি তার লক্ষ্য ও পরিসরের দিক থেকে অনন্য, কারণ এটি আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর শোভন কাজের পরিকল্পনা অনুযায়ী ১৫৫টি দেশের শ্রম আইন মূল্যায়ন করে।
- ভাবুন তো, আপনি যদি আন্তর্জাতিক বিধিমালার আলোকে শ্রম আইন, যৌথ চুক্তি এবং পেনশন-এর ডেটাবেজ তুলনা করতে পারেন?! আমরা ২০২৬ সালের শরৎকালীন সময়ে এমনই একটি আকর্ষণীয় প্রকল্প/প্রজেক্ট চালু করতে যাচ্ছি।
- ২০২৬ সালের নভেম্বর মাসে, ১৭৪টি দেশের জন্য বাচার মত পেনশন সুবিধা প্রকাশের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, যত বেশি সম্ভব ততগুলো দেশের জন্য একটি পেনশন ডেটাবেজ চালু করা হবে। আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকুন।
- শ্রমবাজারের গতিশীলতা সংক্রান্ত একটি অনন্য আন্তর্জাতিক সম্মেলন করার প্রতিশ্রুতি নিয়ে ২০২৬ সালের ৩০শে নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত ভারতের পুনে শহরের ফ্লেম বিশ্ববিদ্যালয়ে WageIndicator এবং ফ্লেম বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্মেলন ২০২৬: কাজ, মজুরি এবং শ্রমশক্তি বিষয়ক বৈশ্বিক সম্মেলন অনুষ্ঠিত হবে।